পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সাম্প্রতিক দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে- বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্প উন্নয়ন, পানি ও কৃষি খাতে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহায়তার প্রশংসা করেন। উভয় পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, অভিবাসন বিষয়ক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা- বিশেষ করে পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌ-পরিবহণ, সামুদ্রিক অবকাঠামো এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা আদান-প্রদান আরও গভীর করার বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী জনাব সোর্ড সোর্ডসমা-র আসন্ন সফর সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততা এবং বর্ধিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।


