ত্রয়োদশ জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর ফলে এ পর্যন্ত গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আলী আসগার।
মোহাম্মদ আলী আসগার বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে তিনি বিজয়ী হন।
এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলী আসগার ।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি। এদিনের পাঁচটি কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হলো।


