সংবাদদাতা: গাজীপুর জেলার গাছা থানাধীন ছয়দানা হারিকেন বাস স্ট্যান্ড সংলগ্ন হীরা গ্লাস এন্ড কোটিং ফ্যাক্টরিতে সংঘটিত প্রায় ৯ কোটি ৯৫ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচিত এই মামলার অন্যতম আসামি তৈয়ব গ্রেফতারের পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, গাছা থানায় দায়েরকৃত মামলা নং-০৪, তারিখঃ ০২/০২/২০২৬ ইং, ধারা ৩৮০/৩৮১/৪২৭/৩৪ পেনাল কোডে ঘটনাটি উল্লেখ করা হয়। মামলার বাদী মোঃ শহিদুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, তাদের গ্রুপের প্রতিষ্ঠান হীরা গ্লাস এন্ড কোটিং প্রায় দেড় বছর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পাশের একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সোহাগ লজিস্টিক এন্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেডকে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছিল বলে দাবি করা হয়।
এজাহারে আরও বলা হয়, গত ০১/০২/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে একটি অডিট টিম কারখানাটি পরিদর্শনে গিয়ে দেখতে পায়, গেটে থাকা তালা ভাঙা এবং ভেতরে কোনো নিরাপত্তাকর্মী উপস্থিত নেই। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, মূল্যবান যন্ত্রপাতি এলোমেলো, কাটা ও ভাঙা অবস্থায় পড়ে আছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, ৪টি অটোমেটিক হাইড্রোলিক প্রেস মেশিন, ২টি মিক্সার মেশিন, একটি ইন্ডাস্ট্রিয়াল জেনারেটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯ কোটি ৯৫ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়।
বাদীর অভিযোগ, ৩১/০১/২০২৬ ইং তারিখ রাত ১টা থেকে ০১/০২/২০২৬ ইং তারিখ সকাল ৫টার মধ্যবর্তী সময়ে সংঘবদ্ধ একটি চক্র দুটি অজ্ঞাত ট্রাকযোগে এসব মালামাল সরিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয় আনোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকা থেকে তৈয়ব নামের এক আসামিকে গ্রেফতার করে। তবে বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও তৈয়বের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল। ফলে তাকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
এদিকে এত বড় অঙ্কের মালামাল চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও জড়িতদের সবাই এখনো আইনের আওতায় না আসায় প্রশ্ন উঠেছে তদন্তের অগ্রগতি নিয়ে। সচেতন মহলের দাবি, শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চুরি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার পেছনে কারা জড়িত তা দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


