যেদিকে তাকাই দুর্নীতি-অনিয়ম আর স্বজনপ্রীতি: মির্জা ফখরুল

সরকারের ভেতর যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে আসার পর যেদিকে তাকাই শুধু অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি দেখতে পাই। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব বাধা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, তদবির ছাড়া কাজ হয় না—গত ১৫ বছরে বাংলাদেশে এটি নিয়ম হয়েছিল। অনেকে ভাইস চ্যান্সেলর হতে তদবির করেছেন। এটি সিস্টেমের দোষ। মূলত মেধা ও বুদ্ধিমত্তা ছাড়া সামনে এগোনো যায় না।

তিনি বলেন, জুলাই সনদ ও সংবিধান নিয়ে বাহাস হচ্ছে—এটি ভালো। কিন্তু রাজনৈতিক স্বার্থে এগুলো ব্যবহার করা ঠিক হবে না। জুলাই সনদের প্রতিটি জায়গায় আমরা ছিলাম। কিছু জায়গায় নোট অব ডিসেন্ট দিয়েছি।

বিএনপির এই নেতা বলেন, উচ্চকক্ষে পিআরে আমরা একমত হইনি। সংবিধান সংস্কার পরিষদের বিষয়েও আমরা একমত হইনি। এখন অবলীলায় বলছে, সবটাই করতে হবে।

মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেন বিএনপি সংস্কার মানে না। অথচ বিএনপিই সংস্কারের জনক। তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। জামায়াত এটা নিয়ে আন্দোলনও করছে। উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা।

তিনি বলেন, অর্থনীতিকে ঠিক করাই এখন আমাদের লক্ষ্য হওয়ায় উচিত। এ অবস্থার উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য। ফ্যাসিস্ট আমলে ৮০ লাখ কোটি টাকা দেনা রেখে গেছে। ফ্যাসিস্টের অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলে পুনর্গঠন করাই লক্ষ্য হওয়া উচিত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, বিএনপির অনেক অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। আরেকটি সহযোগী সংগঠনের দরকার নেই। জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, চাই না। এ ব্যাপারে সচেতন থাকতে হবে।