নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালী মণ্ডল (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের পূর্ব বাকসি গ্রামে এ ঘটনা ঘটে। শেফালী স্থানীয় গ্যানেন্দ্র মণ্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় অপর্ণা মণ্ডল জানান, তার চাচি শাশুড়ি (শেফালী) গরুকে খাবার দেওয়ার জন্য বাড়ির উঠানে রোদে দেওয়া খড় আনতে যান। এ সময় উঠানের ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন তিনি। এ অবস্থা দেখে অপর্ণা তাকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও আহত হন।
পরে স্থানীয়রা শেফালীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসরাত জাহান জেরিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়।


