নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জায়েদুল আলম। এর আগে তিনি মুন্সিগঞ্জের এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন। শনিবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছ থেকে তিনি তার দায়িত্ব বুঝে নেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জায়েদুল আলম নারায়ণগঞ্জে বদলি হন।
২ নভেম্বর স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ হেড কোয়ার্টারে বদলি করা হয়।
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার জায়েদুল আলম ২০১৬ সালে মুন্সিগঞ্জে যোগদানের পর দীর্ঘদিন সেখানে দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সিগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। ২২তম ব্যাচের এ মেধাবী কমকর্তা একজন মুক্তিযোদ্ধার সন্তান।


