নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানচাপায় এক ব্যক্তি নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় সেন্টু মিয়া সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। সেন্টু ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনী এলাকার তারা মিয়া সরকারের ছেলে। পুলিশ জানায়, সকালে ফতুল্লা এলাকায় সড়ক পার হচ্ছিলেন সেন্টু। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কাভার্ডভ্যানচালক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।