নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশাগ্রস্ত স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ীর শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আলো আক্তার। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শেলামতি গ্রামের মৃত রফিকের মেয়ে। এ ঘটনায় পুলিশ স্বামী জনিকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, গোদনাইল শান্তিনগর এলাকায় কামাল উদ্দিনের ভাড়াবাড়িতে স্বামীর হাতে গৃহবধূ খুন হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় স্বামী জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে ঘুড়ির রক্তমাখা নাটাই উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে নাটাই দিয়ে পিটিয়ে আলো আক্তারকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


