নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মিতু আক্তার (১৮) নামে আহত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৭ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মিতু পাঁচরুখী পশ্চিমপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে। তিনি পাঁচরুথী বেগম আনোয়ারা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পাঁচরুখী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সিয়াম আহমেদ জানান, গত ১৭ জানুয়ারি মিতু তার ভাইয়ের সঙ্গে পাঁচরুখী থেকে গাউছিয়া যাওয়ার পথে কালীবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।


