নার্ভ এজেন্টের শিকার দুইজন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের উইল্টশায়ারের একটি বাসা থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তারা নোভিচক নামের নার্ভ এজেন্টের (স্নায়ু অচেতনকারী বিষাক্ত গ্যাস) শিকার।

এই নার্ভ এজেন্ট দিয়েই ব্রিটেনে বসবাসরত রাশিয়ার প্রাক্তন গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার মেয়ের ওপর হামলা করা হয়েছিল। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে যুক্তরাজ্য। বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।

উইল্টশায়ারে অচেতন অবস্থায় পড়ে থাকা দুইজন হলেন চার্লি রওলি ও ডন স্টারগেস। তাদেরকে শনিবার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, এই দুইজন ছাড়া নার্ভ এজেন্টের শিকার অন্য কাউকে পাওয়া যায়নি।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাদেরকে যে লক্ষ্যে পরিণত করা হয়েছে, এমন কোনো আলামত পাওয়া যায়নি।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেইল বসু জানান, সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপলের ওপর যারা হামলা করেছিল তারাই রওলি ও স্টারগেসের ওপর হামলা করেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে।

নেইল বসু জানান, রওনি ও স্টারগেসের বাসার ভেতরে নোভিচক নার্ভ এজেন্ট যুক্ত কোনো কিছু পাওয়া যায়নি। তবে ওই বাসার সবকিছু তল্লাশি করে দেখছে পুলিশ। ওই দুইজনকে কোথায় বিষ প্রয়োগ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘রাস্তায় অচেনা কোনো কিছু খুঁটিয়ে না দেখার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। এবার কীভাবে নার্ভ এজেন্টের শিকারের ঘটনা ঘটলো, সে বিষয়ে আমাদের এখনো কোনো ধারণা নেই,’

তথ্য : বিবিসি