নির্দেশ অমান্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে গণপরিবহন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার সঙ্গে সারাদেশের গণপরিবহন বন্ধের নির্দেশ দিলেও মানছে না দূরপাল্লার গণপরিবহন চালকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গণপরিবহন অবাদে চলাচল করছে। স্বাস্থ্যবিধি মানতেও অনীহা রয়েছে তাদের।

বুধবার (২৩ জুন) সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলার গণপরিবহন চলতে দেখা গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ গণপরিহনের যাত্রী ও চালকদেরকেই স্বাস্থ্যবিধি মানতে নারাজ। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

তাদের দাবি দীর্ঘদিন দেশে চলমান লকডাউনের কারণে গাড়ি বন্ধ ছিল এতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। গণপরিবহন বন্ধের নির্দেশ দেওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। যে কারণে অনেকটা বাধ্য হয়ে গাড়ি চালাচ্ছেন।

এদিকে টাঙ্গাইলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।