ঝালকাঠির রাজাপুর উপজেলায় মুজিববর্ষের উপহার আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ১১টি ঘর ভেঙে পড়েছে। উপজেলার গালুয়াদুর্গাপুরে পূর্ণিমার জোয়ারের পানির চাপের সাথে ঘর ভেঙে পড়ছে।
উপজেলা প্রশাসনের দাবি করছে, বন্যার কারণে এ ঘটনা। অপরদিকে, স্থানীয়দের দাবি নিচু জমি নির্বাচন করায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, যাদের জমি ও ঘর নেই, তাদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলায় ৩৩৩ টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ইতোমধ্যে ১১৫ টি গৃহ নির্মাণ শেষে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসন সরাসরি নির্মাণ কাজের তত্ত্বাবধান করছে।
উপজেলার গালুয়াদুর্গাপুরে সরেজমিনে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পোনা নদীর পাড়ে নিচু জমিতে স্বাভাবিক জোয়ারেই পানিতে ডুবে যায়। এই নিচু জায়গায় আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এ তিন মাস সব সময় পানিতে ডুবে থাকে। পূর্ণিমার জোয়ারের স্রোতে নির্মাণাধীন স্থানে পানি উঠে এবং ঘরের ফাউন্ডেশন না থাকায় নিচের বালু পানিতে ভেসে গিয়ে ১১টি ঘরের বারান্দার বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। নাম মাত্র বুলু ভরাট করে সাথে সাথে ইট বিছিয়ে নির্মাণ কাজ করায় এমনটা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, বন্যার কারণেই পানি উঠে কয়েকটি ঘরে বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে মধ্যে সেগুলি মেরামতের কাজ শুরু করেছি।


