নিষেধাজ্ঞা আরোপে প্রধানত চীনকেই মূল্য গুনতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের। পিয়ংইয়ংয়ের সঙ্গে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণেই তাদেরকে এ মাশুল গুনতে হবে। তবে এরপরও চীন জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবসময় কাজ করে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি সোমবার ম্যানিলায় এ কথা বলেছেন।

শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে দেশটির বার্ষিক ৩০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্যের এক-তৃতীয়াংশ হ্রাস পেতে পারে ।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে ওয়াং বলেছেন, চীন ও বিশ্ব সম্প্রদায় উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার যে বিরোধী নতুন নিষেধাজ্ঞা সেটাই দেখিয়েছে।

তিনি বলেন, ‘ঐতিহ্যগতভাবে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় নিষেধাজ্ঞা আরোপে প্রধানত চীনকেই মূল্য গুনতে হবে।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে আন্তর্জাতিক অস্ত্র-বিস্তাররোধ পদ্ধতিকে সুরক্ষা দিতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আগের মতোই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার সব ধারা পুরোপুরি ও কঠোরভাবে চীন মেনে চলবে।’

চীন বারবার বলে আসছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে উত্তর কোরিয়ার সাধারণ নাগরিক ও দেশটির সঙ্গে সাধারণ বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রভাব পড়া উচিত নয় ।