আন্তর্জাতিক ডেস্ক : পিয়ংইয়ংয়ের ওপর থেকে দ্রুত পশ্চিমা ও জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ জানিয়েছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। গত মাসে চীন সফরকালে তিনি এ অনুরোধ করেছিলেন বলে রোববার জাপানি সংবাদমাধ্যম ইয়োমিউরি এ তথ্য জানিয়েছে।
শি জিনপিংকে কিম বলেছিলেন, উত্তর কোরিয়া ১২ জুন সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মেলন শেষ করেছে। তাই তিনি চাচ্ছেন, উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীন যেন কাজ করে।
কিমের এই অনুরোধের জবাবে শি বলেছিলেন, তিনি এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন।
পারমাণবিক কর্মসূচি বন্ধ ও নিরস্ত্রীকরণের শর্তে গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরিয়া শিগগিরই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করবে। এছাড়া যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে সামরিক মহড়াও বন্ধ করে দেবে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় চীন সফর করেন উন। চলতি বছর চীনা প্রেসিডেন্টের সঙ্গে উনের এটি ছিল তৃতীয় বৈঠক।


