আল-আমিন, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় নদী পার হওয়ার সময় পানিতে ডুবে শিশু মীম আকতারের (১০) মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার শৌলমারী ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের হালিমুর ইসলামের মেয়ে। সোমবার (৯ আগষ্ট) সকালে একই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, শিশু মীম মানসিক রোগে ভুগছিল। আজ সকালে বুড়িস্তিতা নদীর ওপারে ডাউয়াবাড়ী ইউনিয়নের কলোনীপাড়া গ্রামে সম্পর্কীয় এক নানীর বাড়ীতে বেড়াতে যাওয়ার বায়না ধরে সে। এমন বায়নায় একাই বাড়ী থেকে বের হয় সে। পথে ওই নদী পার হওয়ার সময় গভীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মালেক জানান, নদীতে ভাসতে দেখে এলাকাবাসী শিশুটির লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় জানার পর পরিবারের কাছে খবর দেয়। উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ বলেন,‘খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটির লাশ বাড়ীতে নিয়ে আসে। পরে নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশের উপস্থিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


