তথ্য মতে লোহার এ কড়াইটি ৭ ফিট ব্যাসের। ওজন প্রায় এক টন। উচ্চতা প্রায় সাত ফিট। ২৮ মন ১০ কেজি আধাপোয়া ওজনের এ কড়াইটি ভারত থেকে কেনা। জনশ্রুতি রয়েছে, এটি প্রায় পৌনে ২০০ বছর আগের। সে সময়কার জমিদার বাড়িতে হাতির পানিরপাত্র হিসেবে ব্যবহার হতো। বর্তমানে এ কড়াইটি নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।
সম্প্রতি ‘হাতির কড়াই’ নিয়ে কথা বলেছেন হাজী এমদাদুল হক। পূর্বপুরুষদের স্মৃতিচারণ করে তিনি জানান, প্রায় ১৭৫ বছর আগে তার বাবার বড়ভাই (জ্যাটা) মরহুম ভুল্ল্যা মামুদ সরকার এটি ভারত থেকে কিনে এনেছিলেন। ভুল্ল্যা মামুদ সরকার তহশিলদার ছিলেন। হাতিকে পানি খাওয়ানোর জন্য তিনি লোহার তৈরি এ কড়াইটি কিনেন। যুগের পরিবর্তনে হাতি না থাকলেও এখনো সেই কড়াইটি ঐতিহ্য বহন করে আসছে।
তিনি আরও বলেন, কড়াইটি ভালো ভাবে সংরক্ষণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে যাতে এটি নষ্ট বা ধ্বংস না হয়, সেটাও ব্যবস্থা করা হচ্ছে। আমাদের বংশের কারণে এলাকার নাম তহশিলদারপাড়া। এই নাম এবং কড়াইয়ের সাথে আমাদের এবং এলাকার একটা ঐতিহ্য ও স্মৃতি জড়িয়ে আছে। প্রত্মতত্ত্ব অধিদপ্তর জাদুঘরে রাখার জন্য কড়াইটি চেয়েছিল, কিন্তু এটা তো আমাদের ব্যক্তিগত সম্পদ।
তাদের পরিবারের লোকজনের দাবি, কড়াইটি সরকারি কিংবা কোনো রাজা-বাদশার কীর্তি নয়, এটা তাদের বংশের ঐতিহ্য। এই কড়াইটির নামে এখানে মসজিদ ও মাদরাসা রয়েছে। গ্রামটির নামকরণও হয়েছে। পুরনো ঐতিহ্যের হাতির কড়াইটি এখন জাদুঘরে নেওয়ার জন্য এক শ্রেণির স্বার্থান্বেষী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বলেও অভিযোগ তাদের।
পার্শ্ববর্তী হাজীপাড়া এলাকার সোহেল চৌধুরী বলেন, কড়াইটা অনেক পুরাতন। এটার জন্য এলাকার সুনাম ছড়িয়েছে। এলাকার নামটাও হাতির কড়াই নামে পরিচিতি পেয়েছে। বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে এই হাতির কড়াই দেখার জন্য আসে। এটা এলাকাতেই সংরক্ষণ করলে ভালো হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হাতির কড়াই সম্পর্কে জানতেও পারবে।
এমদাদুলের বাড়িতে কাজ করেন ইব্রাহীম খলিল। এই গৃহকর্মী বলেন, কড়াইটা সবসময় আমি দেখাশোনা করি। ময়লা-আর্বজনা, বৃষ্টির পানি, গাছের পাতা পড়লে তা পরিষ্কার করি। বিভিন্ন জায়গা থেকে এই কড়াইটা দেখার জন্য মানুষ আসছে। বর্তমানে এই এলাকা ‘হাতির কড়াই’ নামে পরিচিত। আমরাও বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে ধর্মপাল হাতির কড়াই জলঢাকা থানা ঠিকানা বলে থাকি।


