আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের ৫-১১বছর বয়সী শিশু শিক্ষার্থীদেরকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার(১১ অক্টোবর) নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক টিকা কোভিড-১৯ ক্যাম্পেইন এর মাধ্যমে জেলায় এর শুভ উদ্ধোধন করা হয়।
তথ্য অনুযায়ী নীলফামারীর ৬ উপজেলার ১হাজার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২লক্ষ ৫৫হাজার ৫৩২জন ও অতিরিক্ত(এবতেদায়ী ও অন্যান্য) ৫০ হাজার সহ মোট ৩ লক্ষ ৫ হাজার ৫৩২জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
একটি শ্রেণি কক্ষে শিশুদের গল্পের মাধ্যমে তাদের মনোবল শক্ত করে টিকা দেওয়ার পর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। টিকা নেওয়ার আগে ও পরে শিশু শিক্ষার্থীদের কারও কোন ধরনের ভয়ভীতি দেখা যায় নি। টিকা নেওয়ার পরে তারা একে অপরকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গির কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চক্তবর্তী প্রমুখ।
জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে করোনার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রত্যেক শিশুকে নির্ভয়ে টিকা দেওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন করোনা টিকা নেওয়ার ফলে বাংলাদেশে করোনার প্রকোপ ও মৃত্যুর হার কম এবং হাসপাতালে রোগী ভর্তির কোন চাপ নেই।


