আল-আমিন , নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। পৌরসভার সাথে সীমানা জটিলতা সংক্রান্ত মামলার অবসান ঘটিয়ে প্রায় ১১বছর পর ভোটারা ভোট দিতে পারছে।
সরজমিনে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসছেন। বিশেষ করে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন।
বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে সন্যাসীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে , কেন্দ্রে প্রবেশে তাদের সহযোগিতা করতে গেছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের।
তবে ভোটাদের বাড়তি আনন্দ দিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি। আর অবাধ , সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউনিয়নের চকপাড়া এলাকার মনি বেগম বলেন, দীর্ঘ দিন পর ভোট দিবার পাইনো। প্রথমবারের মত মেশিনত ভোট দিছি, ভয় লাগিল পরে দেখছি সহজই। পছন্দমত প্রার্থীকেই ভোট দিছি।
ব্রাহ্মণপাড়া এলাকার রঞ্জিত রায় বলেন, মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই জাল ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ইভিএম মেশিনে বাটন চাপার সঙ্গে সঙ্গে আমার ছবি স্ক্রিনে চলে আসছে।
তথ্য মতে, ২০১১ সালের ৫ জুন ইউনিয়নটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলে ২০১৬ সালের মধ্য সময়ে মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে সদর উপজেলার খোকশাবাড়ি, ইটাখোলা, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের কিছু অংশ নীলফামারী পৌরসভায় সংযুক্ত করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হলে পৌরসভাসহ ওই চার ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়। এরই মধ্যে সীমানা জটিলতা নিরসন হওয়ায় ২০২০ সালের ২৯ অক্টোবর টুপামারী, ২০২১ সালের ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও অজানা কারনে নির্বাচনী তফসীল থেকে বাদ পড়ে খোকশাবাড়ি ইউনিয়ন।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সর্বশেষ ধাপে খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম যন্ত্রে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে ১০টি ১০ কেন্দ্রে ৭০টি বুথে ভোট-গ্রহণ করা হবে।
তিনি আর বলেন, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশা করা হচ্ছে, একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারব।


