নোয়াখালীতে অভিযান চালিয়ে দুই দস্যুকে আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে অভিযান চালিয়ে আইয়ুব নবী (৪৫) ও ফরিদ উদ্দিন (৩০) নামে দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে ইউনিয়নের মৌলভীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলো- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আব্দুল্ল্যাহ গ্রামের মাহমুদ উল্যার ছেলে আইয়ুব নবী ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ উদ্দিন। তারা উভয় বর্তমানে হাতিয়ার চেয়ারম্যান বাজার সংলগ্ন তেলীরচরে থাকে। কোস্টগার্ড হাতিয়ার স্টেশান অফিসার লে. মেহেদী হাসান জানান, ৬-৭ জনের একদল জলদস্যু মৌলভীরচর এলাকায় ৪০-৫০টি মাছ ধরার নৌকাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় দস্যুদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আইয়ুব নবী ও ফরিদ উদ্দিনকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদা সহ আটক করা হয়। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।