জেলা প্রতিবেদকঃ নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল আহমেদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহেল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রফিক আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
নিহতের ভাই শাহাদাত হোসেন আরিফ জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দেবীপুর গ্রামের হাজী সাহেবের বাড়িতে কাজ করতে যান সোহেল। ওই বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত হন সোহেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


