আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিদেশীয় নৌমহড়া দেখে যুক্তরাষ্ট্রের গা জ্বালাপোড়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, মার্কিনদের পদলেহী দেশগুলোও এ মহড়া মেনে নিতে পারছে না।
শুক্র, শনি ও রোববার ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে।
রুহানি বলেন, ‘এই যৌথ নৌমহড়া সহজ ছিল না। আমরা এটাতে সফল হয়েছি বলেই বিশ্বের আগ্রাসী শক্তিগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছে।রাশিয়া ও চীনের মতো বৃহৎ শক্তির সঙ্গে ইরানের যৌথ মহড়া দেখে তাই সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পদলেহী আঞ্চলিক দেশগুলিও বিষয়টি মানতে পারছে না।’
ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় ওই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। একই অঞ্চলের পানিসীমা রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তখন এ মহড়া চালাল ইরান, রাশিয়া ও চীন।
শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য।
এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে।


