জেলা প্রতিবেদকঃ নড়াইল জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে।
অন্য জেলার সঙ্গে এ জেলায় এবং এক উপজেলার সঙ্গে অন্য উপজেলায় আসা-যাওয়া বন্ধ থাকবে। এছাড়া যেকোনো গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
নড়াইলে করোনায় আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বাড়তে থাকায় জেলা প্রশাসক আনজুমান আরা সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করেন।
নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, সোমবার (২৭ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার পর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। এছাড়া গত রোববার জেলা প্রশাসকের গোপনীয় সহকারীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট ৭ জন চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, হঠাৎ করে নড়াইলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


