পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো শীতের কবলে পড়েছে জনজীবন। গত চারদিন এ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, একই সঙ্গে ঘনকুয়াশার চাদরে ঢাকা থাকে গোটা জেলা। সেই সঙ্গে দিন-রাতে বইছে উত্তর থেকে হিমেল বাতাস। এর ফলে আবারও পুরোদমে বেড়ে গেছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল থেকেই দেখা মিলেনি সূর্যের মুখ। গত বুধবার (২২ জানুয়ারি) দিনের বেলায় অল্প সময়ের জন্য সূর্য়ের দেখা মিললেও ছিলনা তার উত্তাপ। মেঘে ঢাকা আকাশে লুকোচুরি খেলায় থাকে সূর্যেও মুখ। সরেজমিনে ঘুরে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত কমেনি কুয়াশার পরিমাণ। কুয়াশায় ঢেকে পড়েছে পঞ্চগড়সহ জেলার আশপাশের এলাকাগুলো। ঠাণ্ডা বাতাসের সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ১ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


