জেলা প্রতিবেদকঃ পটিয়া উপজেলার ১০ হাজার শিক্ষার্থীকে মুজিববর্ষের স্মারক হিসেবে গেঞ্জি, লোগো ও মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় একযোগে ২২২টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠানমালা শুরু হবে।
ওই দিন সকাল ১০টায় পটিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এর পর শতশত কবুতর ও বেলুন উড়িয়ে পটিয়ায় মুজিববর্ষের সূচনা হবে। হল টুডে প্রাঙ্গণে থাকবে জাতীয় সংগীত এবং ১০০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি। জাতীয় শিশু দিবস উপলক্ষে হলে সীমিত সংখ্যক শিশুদের নিয়ে ছন্দ, কবিতা ও গানে গানে বঙ্গবন্ধুকে স্মরণ করার পর বঙ্গবন্ধুর গল্প শোনাবেন বিশিষ্ট কথাশিল্পী, সাহিত্যিক ও ছড়াকাররা।
রোববার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য, হুইপ সামশুল হক চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও আদর্শের কথা নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে প্রতিটি স্কুলে মুজিবকর্নার চালুর ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ বর্ণাঢ্য ভাবে উদযাপনের ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে পটিয়া স্কুল মাঠে ১০ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে মুজিব শতবর্ষ পালন করার কথা ছিল তা অনিবার্য কারণে বাতিল করে ভিন্ন আঙ্গিকে করতে যাচ্ছি।
১৭ মার্চ শিক্ষার্থীদের মধ্য থেকে বঙ্গবন্ধুর ভাষণসহ কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের তালে তালে বঙ্গবন্ধুকে নিয়ে তারা জন্মোৎসবে মেতে উঠবে। চারটা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে । দ্বিতীয় পর্বে থাকবে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের নিয়ে সীমিত সমাবেশ। তাদের নিয়ে সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা হবে । আটটায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ পাউন্ড ওজনের একটি কেক কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে থেকে আকাশে ১০০টি আতশবাজি উৎক্ষেপণ করা হবে। ১৬ মার্চ রাত আটটা থেকে পটিয়ার ভেল্লাপাড়া থেকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে এলাকাবাসীর নিজ নিজ উদ্যোগে ৩১ মার্চ পর্যন্ত আলোকিত করা হবে।
পটিয়ার ঐতিহ্য তুলে ধরে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, পটিয়া অধ্যক্ষ শহীদ শান্তিময় খাস্তগীর, বিপ্লবী প্রীতিলতা, আব্দুল করিম সাহিত্যবিশারদ, অনেক বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক প্রধান বিচারপতি, বড় বড় অনেক ব্যবসায়ী, বর্তমান অনেক বিচারপতি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ অনেক বিশিষ্টজনের জন্মস্থান । বাংলাদেশের সাড়া জাগানো আধ্যাত্মিক গানের সাধক আসকর আলী পণ্ডিত, আবদুল গফুর হালীসহ অসংখ্য পীর-আউলিয়ার পুণ্যভূমি পটিয়া। এখানে জন্মগ্রহণ করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ধর্মসেন মহাস্থবিরসহ অনেক জ্ঞানী-গুণী। এককথায় চট্টগ্রামের সর্বপ্রথম দিকে চিন্তা করলে পটিয়াকে চিন্তা করা চলে। পটিয়াকে ভেঙে বোয়ালখালী, চন্দনাইশ, কর্ণফুলী থানা গঠিত হয়। এমনকি আনোয়ারা থানাও পটিয়ার অন্তর্ভুক্ত ছিল। কালের পরিক্রমায় আজ আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাবো। আমি আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে ঐক্যবদ্ধ করে আমার পটিয়ার অনেক হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ,পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ খ ম শামসুজ্জামান, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, প্রদীপ দত্ত, টিপু সুলতান, নুরুল হাকিম, মুজিববর্ষ উদযাপন পরিষদের মিডিয়া উপ কমিটির আহ্বায়ক আসিফ সিরাজ ও মহসিন চৌধুরী।


