রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিনগত মধ্য রাতে উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার পৌর শহরের বাসিন্দা শেখ আব্দুল খালেকের ছেলে রাশেদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিনগত মধ্য রাতে ওই দুজন মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাংশার কলেজ মোড় নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তারা দুজনেই ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের স্বজনদের খবর দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে দুজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


