পাকিস্তানে আজ জাতীয় নির্বাচন; আশাবাদী ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আজ বুধবার ১১তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে দেশব্যাপী প্রায় ১০৫.৯৫ মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী।

মূলতক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই তিন দলের মধ্যে লড়াইটা হবে। তবে এবার তিন দলের মধ্যে ইমরান খানের পিটিআই জনমত জরিপে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন।

তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে দিয়ে বলেছে যে, নির্বাচনকে বিঘ্ন করার জন্য বেশ অপতৎপরতা হতে পারে।

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। এর পর শুরু হবে ভোট গণনা। নির্বাচন উপলক্ষে দেশের ৮৫ হাজার ভোটকেন্দ্রে প্রায় ৩ লাখ ৭১ হাজার ৩৮৮ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। দেশের মোট ২৭২টি সংসদীয় আসনে প্রত্যক্ষ ভোটগ্রহণ হবে। বাকি ৭০টি সংসদীয় আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ আসন প্রাপ্ত দলগুলোর মধ্যে এগুলো ভাগ করে দেওয়া হবে।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সংবাদমাধ্যমগুলোকে সন্ধ্যা ৭টার আগে কোনো অনানুষ্ঠানিক ফল ঘোষণা না করতে অনুরোধ করেছে।

সর্বোচ্চ ভোটগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান সরকার আজ দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে।

তথ্য : ডন ও বিবিসি