জেলা প্রতিবেদকঃ রাজধানী ঢাকাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ ও যানবাহন পারাপারের অন্যতম নৌরুট হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া। বর্তমানে পাটুরিয়া সংযোগ মোড় ও ঘাট এলাকায় দুটি ট্রাক টার্মিনালে নৌপথ পারের অপেক্ষায় রয়েছে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া সংযোগ মোড় ও দুটি ট্রাক ট্রার্মিনালে পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারির এমন চিত্র দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মধ্যরাত থেকেই পণ্যবোঝাই ট্রাকের চাপ পড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। বর্তমানে পাটুরিয়া দুটি ট্রাক ট্রার্মিনালে আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে এবং পাটুরিয়া সংযোগ মোড়েও শতাধিক ট্রাক আটকে রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ দুইদিন পণ্যবোঝাই ট্রাকের চাপ অন্যদিনের চেয়ে একটু বেশি থাকে। বর্তমানে পচনশীল পণ্যবোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।


