পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের মিন্টু শেখের (৩৫) বাড়িতে নলকূপ বসাতে খুঁড়তেই গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বের হওয়া ওই গ্যাসে জ্বলছে আগুন । এ দৃশ্য দেখতে এলাকার শত শত মানুষ সেখানে ভিড় জমিয়েছে।
জানা যায়, উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের মিন্টুর বাড়িতে গত বুধবার বেলা ১১টার দিকে কয়েকজন মিস্ত্রি নলকূপ বসাতে যায়। এ সময় নলকূপ মিস্ত্রীরা ৩০ ফুট বোরিং করতেই মাটির নিচে শক্ত কিছুর অস্তিত্ব পায়।
এক পর্যায়ে পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ হতে থাকে। এ সময় পাইপের মুখে আগুন নিলেই তা জ্বলে ওঠে।
পরে মিস্ত্রীরা দ্রুত সেখান থেকে পাইপ উঠিয়ে বাড়ির আরেক দিকে আবারও নলকূপ বসানোর কাজ শুরু করে। কিন্তু সেখানেও ৩৫ ফুট বোরিং করার পরে একই ঘটনা ঘটে। প্রথম স্থানের চেয়ে দ্বিতীয় স্থানে গ্যাস বের হওয়ার শব্দ ও আগুনের তীব্রতা আরও বেশি দেখা যায়।
এ অবস্থায় নলকূপ বসাতে আসা লোকজন ভয় পেয়ে আগুন নিভিয়ে কাজ বন্ধ করে দেন। পরে তাঁরা বেড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জায়গাটিতে লাল পতাকা টানিয়ে দড়ি দিয়ে ঘিরে দেন।
ঘটনাস্থল পরিদর্শন করে চাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক হেসেন তাদের আতঙ্কিত না হয়ে ওই স্থান থেকে দূরে থাকতে বলেন। কোনো ধরনের সমস্যা হলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানোর পরামর্শ দেন।
বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার আলামত দেখতে পাই। দুই জায়গাতেই আমরা চারটি করে খুঁটি পুঁতে ঘিরে দিয়েছি। বিষয়টি আমি ইউএনওকে ফোনে জানিয়েছি।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’


