পিরোজপুর প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে পিরোজপুরের পৌর মেয়র ও তার স্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে পৃথক ২ টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় আসামি করা হয়েছে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও স্ত্রী নিলা রহমানকে। অপরটিতে আসামি করা হয়েছে পৌর মেয়র এবং পৌরসভার ২৭ কর্মকর্তা ও কর্মচারীকে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বরিশালে দুর্নীতি দমন কমিশনে এই মামলাটি দায়ের করেন দুদক-এর উপপরিচালক আলী আকবর। ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া অবৈধভাবে ২২ জনকে বিভিন্নভাবে নিয়োগ দিয়ে এই বাবদ অবৈধ টাকা অর্জনের অভিযোগে পৌর মেয়র ও পৌরসভার ২৭ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়।
দুদক-এর উপপরিচালক আলী আকবর জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নির্দেশনা অনুসারে এই দুই মামলা দায়েরের আগে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। সত্যতা পাওয়ায় অনুসন্ধান শেষে মামলা দায়ের হয়।
উল্লেখ্য, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ভাই। আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও সরকারি জমি দখলের অভিযোগে পৃথক মামলা রয়েছে দুদকের।


