মো: জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি দিনমজুরের বাড়ি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রে উপজেলার পৌর শহরের মিত্রবাটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে প্রফুল্ল দাস এর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন বাড়ির চারিদিকে,ছড়িয়ে পড়লে প্রফুল্ল দাস এর বাড়ি এবং বাড়িতে থাকা পরিবারের ব্যবহৃত সকল জিনিসপত্র সহ গবাদিপশু হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এনামুল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলামসহ রশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পীরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রফুল্ল দাস তার ওয়ার্ডের বাসিন্দা সে একজন গরিব দিনমজুর ।
অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরবাড়ি পুড়ে যাওয়ায়, বর্তমানে সে নিঃস্ব। অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিবারের।পৌর মেয়র তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রফুল্ল দাস কে কিছু নগদ অর্থ প্রদান করেছেন।


