পুরনো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মেহেরপুরে সাংবাদিক আটক

জেলা প্রতিবেদকঃ মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন নামে সংবাদ প্রকাশে জেরে মেহেরপুর গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিনের সাংবাদিক আল-আমিন হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। শনিবার (২২ মে) ভোরে গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আল-আমিন হোসেন মৃত আব্বাস আলীর ছেলে।

এ বিষয়ে সাবেক এমপির পরিবারের পক্ষ থেকে ওই সংবাদের প্রতিবেদক আল আমিন হোসেন, পত্রিকার প্রকাশক এমএএস ইমন ও সম্পাদক ইয়াদুল মোমিনের নামে ওই বছরের ১২ মে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান অভিযুক্তরা।

সম্প্রতি পুলিশ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত পরিবর্তন হয়। ওই আদালতে জামিন না নেওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

থানা সূত্র থেকে জানা যায়, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন দীর্ঘ দিন ধরে একটি ভাড়া বাড়ি দখল করে রেখেছেন এমন অভিযোগে গত বছরের ১১ মে ওই স্থানীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।