পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক ইন্ডিয়ান আইডল প্রতিযোগী

বিনোদন ডেস্ক : পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক ইন্ডিয়ান আইডল প্রতিযোগী সুরজ বাহাদুর। দিল্লির রনহোলা এলাকায় দুজন সঙ্গীকে নিয়ে এক ব্যক্তির স্বর্ণের চেইন, মানিব্যাগ ও এটিএম কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন তিনি। তাদের সার্কেলে ফাইটার নামে পরিচিত এ গায়ক। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে ডিসিপি এমএন তিওয়ারি মিডিয়াতে বলেন, ‘অভিযুক্তরা তাদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি চুরি-ডাকাতি, গাড়ি চুরি, অস্ত্র মামলার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, .৩২ বোর কার্তুজ, একটি পিপার স্প্রে এবং একটি স্কুটার উদ্ধার করা হয়েছে।’

এছাড়া একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, স্থানীয় গোয়েন্দা সংস্থার খবরে অ্যান্টি-অটো থেফট স্কোয়াড টিম ফাইটার ও অনিলকে গ্রেপ্তার করেন। আরো একজন পুলিশ জানিয়েছেন, সুরজের ব্র্যান্ডের জামা, জুতোর শখ ছিল। তার প্রতিদিন ক্লাবে যাওয়া ও মদ পানের অভ্যাস ছিল। সুরজের অনেক গার্লফ্রেন্ডও রয়েছে। এগুলোতে বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় তার পরিবার। তিনি একা থাকতেন। পুলিশের কাছে স্বীকারোক্তিতে সুরজ জানিয়েছেন, বিলাসবহুল জীবন যাপনের খরচ যোগাতেই এ কাজ করেন তিনি।

২০০৮ সালে ইন্ডিয়ান আইডলের অডিশন রাউন্ড পার করেন সুরজ। কিন্তু গালা রাউন্ডে পৌঁছাতে পারেননি। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী এবং জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় দুইবার পদকপ্রাপ্ত। তার পারিবারিক অবস্থাও বেশ ভালো।