আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গাড়ির আঘাতে ছয় সেনা আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্যারিসের শহরতলী লিভালইস-পেরেতে এ ঘটনা ঘটেছে বলে বুধবার ফরাসি পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, সেনাদের ওপর একটি বিএমডব্লিউ গাড়ি তুলে দেওয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটনো হয়েছে। গাড়িটির খোঁজে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে।
স্থানীয় মেয়র প্যাট্রিক ব্যালক্যানি বলেছেন, কোনো সন্দেহ নেই যে এই ‘বিচ্ছিরি’ কাজটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।
তিনি জানিয়েছেন, স্থানীয় সময় বুধভার সকাল ৮টা ১৫ মিনিটে প্লেস ডি ভারডুনে সেনা ব্যারাকের বাইরে এ ঘটনা ঘটেছে। ব্যারাক থেকে দায়িত্ব পালন শেষে সেনারা কখন বের হবে সেজন্য গাড়িটি বাইরে অপেক্ষা করছিল। সেনারা যখন বের হচ্ছিল তখন বিএমডব্লিউ গাড়িটি দ্রুত তাদের দিকে আসে। আহত সেনাদের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থার ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।


