প্রতারণার অভিযোগ জন আব্রাহামের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা জন আব্রাহাম। তার পরবর্তী সিনেমা পরমাণু : দ্য স্টোরি অব পোখরান নিয়ে বিপাকে পড়েছেন তিনি। সিনেমাটি নিয়ে ঝামেলায় জড়িয়েছে জনের প্রযোজনা প্রতিষ্ঠান জেএ এন্টারটেইনমেন্ট ও সহ প্রযোজনা প্রতিষ্ঠান কিআর্জ এন্টারটেইনমেন্ট। পরস্পরের মধ্যে চুক্তি ভাঙার পর এবার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কিআর্জ এন্টারটেইনমেন্ট।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জন আব্রাহামের বিরুদ্ধে মুম্বাইয়ের খার থানায় পরমাণু : দ্য স্টোরি অব পোখরান সিনেমার চুক্তি ভাঙা, প্রতারণা, অর্থ আত্মসাৎ, কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে এ এফআইআর দায়ের হয়েছে। বেশ কিছুদিন ধরেই সিনেমাটি নিয়ে জন ও প্রযোজক সংস্থার মধ্যে মতভেদ চলছিল। আর তাই সিনেমাটি মুক্তির আগেই জন প্রযোজনার চুক্তিটি ভেঙে দেন। কিআর্জ এন্টারটেইনমেন্টের দাবি, এভাবে কোনো চুক্তি জন ভাঙতে পারেন না। এটা বেআইনি। যদিও জন সে দাবি মানেননি। এরপরই প্রযোজকরা জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানা গেছে।

এদিকে জেএ এন্টারটেইনমেন্ট দাবি করেছে, কিআর্জ এন্টারটেইনমেন্ট চুক্তি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। সময় মতো সিনেমার মূল শুটিং শেষ হলেও অর্থ ঠিকঠাক না দেয়ায় পোস্ট প্রোডাকশনের কাজে দেরি হয়েছে। এ কারণে গত বছর মুক্তির কথা থাকলেও তা এখনো পর্দায় আসেনি। এমনকি বারবার তাগাদা দেয়া সত্ত্বেও কিআর্জ এন্টারটেইনমেন্ট সিনেমাটি পরিবেশনা নিয়ে কোনো পরিকল্পনা করেনি।

তবে জেএ এন্টারটেইনমেন্টের এ ধরনের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে কিআর্জ এন্টারটেইনমেন্ট। তাদের মতে, জনের প্রযোজনা প্রতিষ্ঠান অনৈতিকভাবে সিনেমাটির ব্যাপারে হস্তক্ষেপ করছে। সিনেমার কপিরাইটস এখন তাদের কাছেই আছে। ফলে তারা এটির কাজ শেষ করবেন। তারা আরো অভিযোগ করেন, চুক্তির সময় দেওয়া প্রতিশ্রুতি জনের সংস্থা পূরণ করেনি।

এখন পর্যন্ত পাঁচবার সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রথমে গত ৮ ডিসেম্বর এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ১ ডিসেম্বর পদ্মাবত মুক্তির কথা থাকায় তারিখ পরিবর্তন করে ৯ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যান ও সিদ্ধার্থ মালহোত্রার আইয়ারি’র কারণে তারিখ পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে পরমাণু : দ্য স্টোরি অব পোখরান মুক্তির তারিখ ২ মার্চ নির্ধারণ করেছিলেন নির্মাতারা। কিন্তু পরী সিনেমার কারণে তা পিছিয়ে ৬ এপ্রিল করা হয়। গত ৩ এপ্রিল জনের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, আগামী ৪ মে পোখরানে বোমা পরীক্ষার ঘটনার ২০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি দেয়া হবে। তবে ঝামেলার কারণে এই তারিখটিও এখন অনিশ্চয়তার মুখে।

১৯৯৮ সালে পোখরানে ভারতীয় সেনাবাহিনীর নিউক্লিয়ার বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে সিনেমার কাহিনি তৈরি হয়েছে। এতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করছেন ডায়ানা পেন্টি, বোমান ইরানি প্রমুখ। এটি পরিচালনা করছেন অভিষেক শর্মা। এর আগে এ নির্মাতা তেরে বিন লাদেন, দ্য শওকিনস এবং তেরে বিন লাদেন : ডেড অর অ্যালাইভ সিনেমা পরিচালনা করেছেন।