চট্টগ্রাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবেশী দেশ মিয়ানমার এক বছরে ৬ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুটে নিয়েছে। সময় এসেছে মাদক রুখে দাঁড়ানোর। মাদক সহ্য করলে, মাদক আমাদের ধ্বংস করে দেবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালদীঘি মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধ মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামের মেয়রের নেতৃত্বে এ জনপদকে মাদকশূন্য করতে পারবো। মাদকের বিরুদ্ধে গর্জন শুনতে চাই। তিনি মাদকসেবীর হাতে নিহত মা বাবার পরিসংখ্যান তুলে ধরে বলেন, যারা মাদকসেবী তারা জানোয়ারে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।


