প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নতুন ডিজি শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।