আন্তর্জাতিক ডেস্ক : কলোম্বিয়ার বিদ্রোহীগোষ্ঠী ফার্ক অস্ত্র সমর্পণ করে নতুন পরিচয়ে নবযাত্রা শুরু করতে চলেছে।
রোববার ফার্কের প্রথম কংগ্রেস বসে। এই কংগ্রেস থেকে একটি নতুন নাম নিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফার্ক।
প্রথম কংগ্রেসের প্রথম দিনে ফার্কের ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন। প্রথম দিনের আলোচনায় নতুন নামের ওপর গুরুত্ব পেয়েছে। নিউ কলোম্বিয়া ও অল্টারনেটিভ রেভ্যুলিউশনারি ফোর্স অব কলোম্বিয়া- এই দুটি নামে তাদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ফার্ক কী নামে আত্মপ্রকাশ করছে, তা শুক্রবার কংগ্রেস শেষের দিন জানা যাবে।
অর্ধশতাব্দীর সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবে তারা। গোষ্ঠীটির নেতা টিমোচেঙ্কো বলেছেন, এই অনুষ্ঠান শেষে আমরা ফার্ককে একটি নতুন ও বিশেষ রাজনৈতিক দলে পরিণত করতে চলেছি।
শুধু রাজনৈতিক দল গঠনই নয়, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে তাদের প্রার্থী কে হবেন, তাও নির্বাচন করা হবে এই কংগ্রেস থেকে। ফার্কের সঙ্গে সরকারের সমঝোতার শর্তানুযায়ী, প্রথম যে নির্বাচনে তারা অংশ নেবে, সেই নির্বাচনের পর গঠিত পার্লামেন্টে তারা সংরক্ষিত কিছু আসন পাবে। এর মাধ্যমে রাজনৈতিক প্লাটফর্ম শক্তিশালী করার সুযোগ পাবে তারা।
১৯৬৪ সালে রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস (ফার্ক) অব কলোম্বিয়া প্রতিষ্ঠিত হয়। প্রান্তিক কৃষক ও সর্বহারাদের অধিকার আদায়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে তারা। তাদের এই বিদ্রোহী কর্মকাণ্ডে বহু মানুষের প্রাণ গেছে। কিন্তু গত বছর নভেম্বর মাসে তারা কলোম্বিয়া সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি করে। এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল কিউবা। চুক্তির শর্তানুযায়ী, সব ধরনের অস্ত্র সরকারের কাছে জমা দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম শুরু করছে তারা।


