ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করবে আরব দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল।পূর্ব জেরুজালেমকে ইসরায়েল এরপর থেকেই নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে।

ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার পাল্টা জবাব দিতে সম্প্রতি আরব লিগের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কায়রোর ওই বৈঠকে জর্ডানের সভাপতিত্বে অংশ নিয়েছিল মিশর, মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো এগিয়ে নিতে শনিবার আম্মানে ছয় আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন।

পূর্ব জেরুজালেমকে রাজধানী ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করবে আরব দেশগুলো। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

সাফাদি বলেছেন, চলতি মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য মন্ত্রীরা সুপারিশমালার প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক পদক্ষেপ হিসেবে আমরা জাতিসংঘে প্রস্তাব আনার মাধ্যমে ওই সিদ্ধান্তের মোকাবেলা করব, যাতে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি স্বীকৃতি দেওয়ার কথা বলা হবে।’

এই কূটনৈতিক পদক্ষেপ কখন নেওয়া হবে সে ব্যাপারে অবশ্য সাফাদি কিছু বলেননি। এছাড়া এই খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নাকি সাধারণ পরিষদে উত্থাপন করা হবে সে ব্যাপারেও তিনি কিছু জানাননি।

আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল ঘেইত জানিয়েছেন, মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে ভবিষ্যত ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আলোচনা হবে। কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে নিজেকে বিতর্কিত করে তুলেছে।