ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর জন্য সব ধরনের তহবিল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর জন্য সব ধরনের তহবিল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের ত্রাণ ও সেবা সংস্থা (ইউএনআরডব্লিউএ) ‘অসংশোধনীয়ভাবে ত্রুটিপূর্ণ’। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ার্ট বলেন, ‘মার্কিন প্রশাসন এ বিষয়টি সচেতনভাবে পর্যবেক্ষণ করেছে এবং এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইউএনআরডব্লিউএ-তে আর কোনো অবদান রাখা হবে না।’ এদিকে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র জানান, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের ওপর আঘাত। নাবিল আবু রুদেইনা নামের ওই মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ ধরনের শাস্তি এই প্রকৃত সত্য পরিবর্তন করতে সমর্থ হবে না যে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো ভূমিকা নেই এবং তারা ফিলিস্তিন সমস্যা সমাধানের অংশ নয়।’ তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘ প্রস্তাবের ‘উপেক্ষা’।

তথ্য : বিবিসি