বরগুনা প্রতিনিধি, মোঃ ইউসুফ আলী: বরগুনার আমতলীতে ব্যাটারিচালিত বোরাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদাউস খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর ইপিজেডের শরিফ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদাউস খান আমতলী উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী মো. শানু খানের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফেরদাউস মোটরসাইকেলযোগে শাখারিয়া থেকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত বোরাক মোড় নেওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ফেরদাউস ছিটকে গিয়ে পাশের একটি তালগাছের সঙ্গে সজোরে আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফেরদাউসকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারিচালিত ও অনুমোদনহীন যানবাহনের চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, বোরাকসহ বিভিন্ন যানবাহনের চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তাদের দাবি, এসব যানবাহন হঠাৎ মোড় নেওয়া, বিপরীতমুখী চলাচল এবং অনিয়ন্ত্রিতভাবে মহাসড়কে প্রবেশ করায় অন্যান্য যানবাহনের চালকদের আকস্মিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে লাইসেন্স ও অনুমোদনহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান এবং বিদ্যমান আইন ও নিরাপত্তা বিধি কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একটি তরতাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কোনো পরিবারের জন্য শোকের কারণ না হয়—এ জন্য মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচলে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


