বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি): বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বীরকেদার ইউনিয়নের ১২ মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী হাজী মজিবর রহমান (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। মজিবর রহমান কাহালুর বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামের বাসিন্দা।

বগুড়ার কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুপচাঁচিয়ায় উপজেলা সদরের ব্যাংকে বিদ্যুৎ বিল দিয়ে হাজী মজিবর রহমান অটোভ্যান করে বাড়ি ফিরছিলেন। এসময় পিছন থেকে বগুড়াগামী একটি ট্রাক অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবর রহমান ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক দ্রæত পালিয়ে গেলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।