বগুড়ায় ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়া সদর উপজেলায় ছাত্রীনিবাস থেকে আখিনূর আক্তার (২৪) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আখিনূর শিবগঞ্জ উপজেলার পলাশী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ও বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

জানা যায়, প্রায় দেড় বছর আগে মামুন নামে এক যুবকের সঙ্গে আখিনূরের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার স্বামী মালয়েশিয়া চলে যান। আখিনূর উপজেলার কামারগাড়ি এলাকায় মা-বকুল ভিলা নামে একটি ছাত্রীনিবাস থাকতেন। গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল আখিনূরের। প্রতিদিনের মত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে খাবার খেয়ে ঘুমানোর উদ্দেশে তার কক্ষের দরজা বন্ধ করেন আখিনূর। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তিনি তার কক্ষ থেকে বের না হওয়ায় ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক বগুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আখিনূরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।