বগুড়া: বগুড়া আদমদীঘি উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে মনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বড়আখিড়া নিমতলা নুরইসলামের চাতালের পাশে একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মনোয়ার হোসেন আদমদীঘি উপজেলার জাহানা বাজ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই টয়লেট থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেখানে গিয়ে মনোয়ার হোসেন মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় ওই টয়লেটের ভেতর থেকে নেশা জাতীয় ‘পেন্টাডল ট্যাবলেট’সহ নেশায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


