বরগুনায় জোয়ারে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনায় জোয়ারের উচ্চতা ছিল অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামের বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অর্ধশতাধিক গ্রাম। এতে তলিয়েছে শত শত ঘরবাড়ি।

দুর্যোগ মৌসুমের শুরুতেই জোয়ারের এই উচ্চতা নিয়ে এখন আতঙ্কে রয়েছে ঝুঁকিপূর্ণ গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষ। এরই মধ্যেই গত দুদিনের জোয়ারের পানিতে কয়েক হাজার পরিবারের রান্নাঘর ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ গেরস্থালির অতি জরুরি আসবাবপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে অনেক পরিবারেই এখন রান্না চলছে না। চরম ভোগান্তিতে এখন নারী, শিশুসহ বয়স্ক মানুষ।

অন্যদিকে, অতি জোয়ারের স্রোতে এনামুল নামের তিন বছরের একটি শিশু মায়ের কোল থেকে পড়ে পানিতে তলিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পরই তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। আজ বুধবার সকাল ১১টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।