জেলা প্রতিবেদকঃ ইয়াবাসহ আটক হওয়া বরিশাল সিটির ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জগলুল মোরশেদ প্রিন্সকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ মার্চ) বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়া তথা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে সাধারণ সম্পাদক পদ থেকে প্রিন্সকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রোববার ( ১ মার্চ ) থেকে সব প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের দক্ষিণ আলেকান্দার মেডিক্যাল কলেজ লেন সংলগ্ন একটি স্টিল আলমারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রিন্স ও তার তিন সহযোগীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


