বরিশালে ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলি উৎসব পরিদর্শন

মোঃ রুবেল আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালে উদযাপিত হলো উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দীপাবলি উৎসব’। ২৩ অক্টোবর,রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর কাউনিয়া মহাশ্মশান পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক, বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার।
মহাশ্মশানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলন করেন। লোকমুখে শোনা যায়, প্রায় দু’শো বছর ধরে চলে আসছে এই উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্যলাভের আশায় প্রতি বছর ভূতচতুর্দশীর পূণ্যতিথিতে বরিশাল নগরীর কাউনিয়া মহাশশ্মানে উদযাপিত হয় এই ‘শ্মশান দীপাবলি’। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে।
আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি অনুয়ায়ী চলে প্রার্থনা। ঐতিহ্যবাহী এই মহাশ্মশানে শ্রদ্ধা জানাতে নেপাল ও ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসে। দীপাবলী উৎসবকে সফল করতে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নেয়া হয় জোরদার নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৫একর জায়গাজুড়ে বরিশালের ঐতিহ্যবাহী এই শ্মশানটি ২০০ বছরের প্রাচীন ও দেশের অন্যতম বৃহৎ মহাশ্মশান। এখানে প্রায় ৬৫ হাজার সমাধি রয়েছে। শুধু দেশেরই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীনতম মহাশ্মশান এটি। এ সময় আরো উপস্থিত ছিল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।