বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে হামলা-পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে বরিশালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল থেকে নগরীর রাস্তাঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের অবস্থান নিতে দেখা গেছে। গাড়িতে করে রাস্তায় রাস্তায় পুলিশকে টহলও দিতে দেখা গেছে। ফলে যানবাহনও কম। স্থানীয়রা বলছেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নগরীতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার। ইতোমধ্যে খুলনা থেকে রওনা হয়েছেন তারা। দিনের যে কোনো সময় ১০ প্লাটুন বিজিবি বরিশালে পৌঁছাবে।
এ ছাড়া পুলিশ ও বিজিবির পাশাপাশি পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও আনা হয়েছে। বিজিবি-পুলিশের সঙ্গে তারাও মাঠে থাকবেন।
এদিকে বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, রাজনৈতিক দুর্বৃত্তদের আইনের মাধ্যমেই মোকাবিলা করা হবে।
ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে মেয়র সাদিক আবদুল্লাহকে। একটি মামলার বাদী ইউএনও নিজে, অপরটির বাদী পুলিশ।


