বরিশালে বাস, লঞ্চ, থ্রি হুইলার ধর্মঘট

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট।

মালিক সমিতির পক্ষ থেকে কোনোরকম ঘোষণা না দেয়া হলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীন এবং দূর পাল্লার রুটের লঞ্চ চলাচলও।

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার দাবিতে দুই দিনের ধর্মঘট ডেকেছে বরিশালের বাস মালিকদের দুটি সমিতি।

অপরদিকে মহাসড়কে চলাচল করতে দেয়াসহ সাত দফা দাবিতে আজ এবং গণসমাবেশের দিন আগামীকাল শনিবার থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

এদিকে, কোনোরকম ধর্মঘটের ঘোষণা না দিলেও সকাল থেকে চলছে না অভ্যন্তরীন ও দূর-পাল্লার রুটের লঞ্চ।

সবধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে লঞ্চ ঘাট ও বাস টার্মিনালে।