বরিশালে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগে বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে বরিশাল-নেছারবাদ সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙে একটি ট্রাকসহ খালে পড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী রিপন মোল্লা  জানান, ১২ চাকার একটি ট্রাক পাথরবোঝাই করে বরিশাল থেকে নেছারাবাদের দিকে যাচ্ছিলো। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে সেটি ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভাঙা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন পারাপার হচ্ছেন। আমিনুল ইসলাম নামে একজন জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটি।
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর অতিগুরুত্বপূর্ণ এ সড়কের একটি ব্রিজ ছিলো। যা সংস্কারের জন্য ভেঙে নতুন করে করার উদ্যোগ নেওয়া হয়েছিলো প্রায় ১ দশক আগে।কিন্তু ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। যা দিয়ে এতোদিন গাড়ি চলাচল করে আসছিলো এবং এর সংস্কারের কাজ সড়ক ও জনপদ বিভাগই করে আসছিলো। আজ ব্রিজটি ভেঙে যাওয়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে বরিশাল-নেছারবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণা ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথরবোঝাই নিয়ে ট্রাকটি পারাপারের কারণে এ দূর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সড়ক জনপদের লোকজন কাজ করছে বলেও জানান তিনি।