বরুণ ও শ্রদ্ধার ‘হাই রেটেড গাবরু’ গানের ভিডিও

বিনোদন ডেস্ক : এবিসিডি-টু সিনেমার পর আবারো জুটিবদ্ধ হয়ে হাজির হয়েছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। তবে এবার একটি গানে জুটি বেঁধেছেন তারা।

বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হাই রেটেড গাবরু’ শিরোনামের গানটি। নওয়াবজাদে সিনেমার জন্য নির্মিত হয়েছে এটি। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বরুণ-শ্রদ্ধা জুটি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন-জনপ্রিয় ভারতীয় ড্যান্সার রাঘব জুয়াল, পুনিত জে পাঠক, ধর্মেশ ইয়েলান্ডে প্রমুখ।

‘হাই রেটেড গাবরু’ গেয়েছেন গুরু রান্ধওয়া। ‘গাবরু’ অর্থ গুডলুকিং বা স্মার্ট ছেলে। গানটি গত বছর বেশ সাড়া ফেলে। এরপর নওয়াবজাদে সিনেমার জন্য গানটির নতুন সংস্করণটি নির্মাণ করা হয়। তবে এবারই প্রথম নয়। এর আগে এ গায়কের ‘সুট সুট’ ও ‘বানজা তু মেরি রানি’ গান দুটি হিন্দি মিডিয়াম এবং তুমহারি সুলু সিনেমায় ব্যবহৃত হয়েছে।

বরুণ-শ্রদ্ধার এই গানটি নিয়ে গুরু রাধওয়া বলেন, ‘আমরা কিছুটা পরিবর্তন এনে মূল গানটির ভাইব ধরে রাখার চেষ্টা করেছি। আমি আশা করছি, বরুণ-শ্রদ্ধার এই গানটি দর্শকের মাঝে মূল গানের মতোই সাড়া ফেলবে।’

রেমো ডিসুজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নওয়াবজাদে সিনেমাটি প্রযোজনা করেছেন রেমো ডিসুজা। এটি পরিচালনা করছেন জায়েস প্রধান। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দেখুন : ‘হাই রেটেড গাবরু’ গানটি